ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে, কালচে দাগছোপ কমাতে এবং বলিরেখা ঠেকাতে ভিটামিন সি-র ব্যবহার বেশ জনপ্রিয়। তাই বাজারে এখন ভিটামিন সি-যুক্ত সিরাম, ময়েশ্চারাইজ়ার, ফেসওয়াশ এমনকি সানস্ক্রিনও পাওয়া যাচ্ছে। কিন্তু ত্বকের যত্নে ব্যবহৃত প্রতিটি প্রসাধনীতেই কি এই উপাদান থাকা প্রয়োজন? বেশি মাত্রায় ভিটামিন সি ব্যবহার করলেই কি ত্বক বেশি উজ্জ্বল হবে? কী বলছেন ত্বক বিশেষজ্ঞরা?
ত্বকের জন্য কেন উপকারী ভিটামিন সি?
ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিড্যান্ট। সূর্যের অতিবেগুনি রশ্মি ও দূষণের কারণে তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে এটি। পাশাপাশি কোলাজেন তৈরির প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ভিটামিনের। নিয়মিত ব্যবহারে ত্বকের কিছু কালচে দাগছোপ ও অসম রং হালকা হতে পারে। ফলে ত্বক তুলনায় উজ্জ্বল দেখায়।
সব প্রসাধনীতেই কি ভিটামিন সি দরকার?
ভিটামিন সি উপকারী হলেও ফেসওয়াশ, ময়েশ্চারাইজ়ার, সিরাম এবং সানস্ক্রিন সব কিছুর মধ্যেই এই উপাদান থাকা বাধ্যতামূলক নয়। কেউ যদি নিয়মিত ভিটামিন সি সিরাম ব্যবহার করেন, তা হলে তার ফেসওয়াশ বা ময়েশ্চারাইজারে আলাদা করে এই উপাদান না থাকলেও চলে। বরং ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে প্রসাধনী বেছে নেওয়া জরুরি।
ভিটামিন সি-র সঙ্গে ভিটামিন ই, ফেরুলিক অ্যাসিড বা হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদানযুক্ত প্রসাধনীও ব্যবহার করা যায়। তবে সংবেদনশীল ত্বক হলে বেশি মাত্রার ভিটামিন সি সিরাম ব্যবহারে জ্বালা বা লালচে ভাব দেখা দিতে পারে। সে ক্ষেত্রে কম ঘনত্বের পণ্য দিয়ে শুরু করা এবং প্রয়োজনে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
কত দিনে ফল মিলবে?
ভিটামিন সি সিরাম ব্যবহার করলেই রাতারাতি ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসবে, এমন নয়। নিয়মিত ব্যবহারের পর ফল পেতে কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে। কালচে দাগ, অসম ত্বকের রং কিংবা বয়সের ছাপ কমানোর ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে। তবে সব ধরনের দাগ বা ত্বকের সমস্যার সমাধান ভিটামিন সি নয়।
কীভাবে ব্যবহার করবেন?
ভিটামিন সি সিরাম সকালে কিংবা রাতে দু'সময়েই ব্যবহার করা যায়। তবে দিনের বেলায় ব্যবহার করলে তার পরে ময়েশ্চারাইজার এবং ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন লাগানো জরুরি। অন্তত এসপিএফ ৩০-যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শুধু ভিটামিন সি-যুক্ত সানস্ক্রিন বেছে নেওয়ার চেয়ে তার এসপিএফ এবং ইউভিএ সুরক্ষার মাত্রা যাচাই করা বেশি গুরুত্বপূর্ণ।
ভিটামিন সি-যুক্ত কিছু প্রসাধনী আলো, বাতাস ও তাপের সংস্পর্শে দ্রুত কার্যকারিতা হারাতে পারে। তাই পণ্যের গায়ে দেওয়া নির্দেশ মেনে, সরাসরি রোদ ও অতিরিক্ত গরম থেকে দূরে রাখুন। সিরাম ব্যবহার করে রোদে বেরোলেই ত্বক কালো হয়ে যাবে না। তবে সানস্ক্রিন ছাড়া রোদে থাকলে ত্বকের ক্ষতি ও পিগমেন্টেশন বাড়তে পারে।
সূত্র: দ্যা গার্ডিয়ান