দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় প্রতিবছরই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে কিছুটা আগে। এবারও এর ব্যতিক্রম হয়নি। গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসের কারণে দ্রুত কমছে তাপমাত্রা। রাতভর ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার পর ভোরে শীতের প্রকোপ আরও বাড়ছে। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় দিনের বেলায় কিছুটা স্বস্তি ফিরছে।
দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। ভোরের তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে রিকশাচালক, দিনমজুর ও পাথরশ্রমিকদের।
এদিকে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেলায় শীতজনিত রোগের প্রকোপও বাড়তে শুরু করেছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রোগীদের ভিড় বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমে গিয়ে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।