সুস্থ থাকতে এখন অনেকেই স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছেন। তবে অনেকের ধারণা, ডায়েটের খাবার মানেই স্বাদহীন ও একঘেয়ে। বাস্তবে, সঠিক উপায়ে রান্না করলে স্বাস্থ্যকর খাবারও হতে পারে দারুণ সুস্বাদু।
এমনই একটি সহজ ও পুষ্টিকর পদ হলো চাইনিজ এগ ভেজিটেবলস। সবজি, ডিম ও ওটসের সমন্বয়ে তৈরি এই খাবারটি যেমন হালকা, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। সকালের নাশতা, দুপুর বা রাতের হালকা খাবার—যেকোনো সময়ের জন্য এটি হতে পারে চমৎকার একটি পদ।
উপকরণ
- ১ কাপ মিশ্র সবজি
- ২টি ডিম
- ১ টেবিল চামচ ওটস গুঁড়া
- ১ টেবিল চামচ টমেটো সস
- স্বাদমতো লবণ
- এক চিমটি চিনি
- ১ টেবিল চামচ রসুন কুচি
- ১টি বড় পেঁয়াজ (মোটা করে কাটা)
- ১ টেবিল চামচ অলিভ অয়েল বা বাটার
প্রণালি
প্রথমে পছন্দের সবজিগুলো প্রায় ৮০ শতাংশ সেদ্ধ করে নিন। এরপর সবজি ছেঁকে আলাদা করে রাখুন এবং সেদ্ধ করা পানিটিও সংরক্ষণ করুন।
একটি প্যানে অলিভ অয়েল বা বাটার গরম করে তাতে রসুন কুচি হালকা ভেজে নিন। এরপর সেদ্ধ করা সবজি দিয়ে ১-২ মিনিট নেড়ে নিন। এবার ওটস গুঁড়া ও টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এরপর সবজি সেদ্ধ করা পানি, লবণ ও এক চিমটি চিনি যোগ করুন। সব উপকরণ একসঙ্গে ফুটে এলে ফেটানো ডিম ধীরে ধীরে ঢেলে নেড়ে দিন, যাতে ডিম সবজির সঙ্গে সমানভাবে মিশে যায়।
আরও ২-৩ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস।








