নরম, রসালো আর সুগন্ধে ভরপুর একটি ভিন্নধর্মী ডেজার্ট খুঁজছেন? তাহলে ঘরেই তৈরি করুন গুলাব জামুন কেক। ঐতিহ্যবাহী গুলাব জামুনের স্বাদ আর নরম কেকের মোলায়েম টেক্সচারের দারুণ সমন্বয়ে তৈরি এই ডেজার্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সহজ কিছু উপকরণেই তৈরি করা যায় এই সুস্বাদু মিষ্টান্ন, যা অতিথি আপ্যায়ন বা বিশেষ দিনের জন্য হতে পারে অসাধারণ একটি পছন্দ।
উপকরণ
কেকের ব্যাটারের জন্য: দেশি ঘি বা মাখন আধা কাপ (১২০ গ্রাম), চিনি গুঁড়ো আধা কাপ (৮০ গ্রাম), টাটকা টক দই আধা কাপ (১২০ গ্রাম), দুধের গুঁড়ো বা ডেইরি, হুইটেনার ১ কাপ (১৫০ গ্রাম), সুজি ১ টেবিল চামচ (ঐচ্ছিক), ময়দা আধা কাপ (৭০ গ্রাম), বেকিং পাউডার ৩/৪ চা চামচ, বেকিং সোডা ৩/৪ চা চামচ, এলাচ গুঁড়ো আধা চা চামচ, কেওড়া জল বা গোলাপ জল ১ চা চামচ, স্বাভাবিক তাপমাত্রার দুধ ১/৩ কাপ (প্রয়োজন অনুযায়ী ৯০–১০০ মিলিলিটার)।
চিনির সিরার জন্য: চিনি ১ কাপ (২০০ গ্রাম), পানি ১ কাপ (২৫০ মিলিলিটার), এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ, জাফরান কয়েকটি আঁশ (ঐচ্ছিক) অথবা কেওড়া জল/গোলাপ জল ১ চা চামচ।
সাজানোর জন্য: রূপার ভরক (ঐচ্ছিক), পেস্তা কুচি, কাঠবাদাম কুচি।
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে ঘি বা মাখনের সঙ্গে চিনি গুঁড়ো ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর টক দই মিশিয়ে মসৃণ করুন। এবার দুধের গুঁড়ো, সুজি (যদি ব্যবহার করেন), ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও এলাচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। কেওড়া জল বা গোলাপ জল যোগ করুন। অল্প অল্প করে দুধ মিশিয়ে ঘন কিন্তু মসৃণ ব্যাটার তৈরি করুন।
গ্রিজ করা কেক মোল্ডে ব্যাটার ঢেলে আগে থেকে ১৭০° সেলসিয়াস তাপমাত্রায় গরম করা ওভেনে ৩০–৩৫ মিনিট অথবা কেক সম্পূর্ণ বেক হওয়া পর্যন্ত বেক করুন। এদিকে একটি পাত্রে চিনি, পানি ও এলাচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে হালকা ঘন সিরা তৈরি করুন। চাইলে জাফরান বা কেওড়া জল/গোলাপ জল মিশিয়ে নামিয়ে নিন। গরম কেকে টুথপিক দিয়ে কয়েকটি ছোট ছিদ্র করুন এবং ধীরে ধীরে গরম বা হালকা গরম সিরা ঢেলে দিন, যাতে কেকটি ভালোভাবে সিরা শুষে নিতে পারে। শেষে কুচানো পেস্তা, কাঠবাদাম এবং ইচ্ছা হলে রূপার ভরক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এই নরম, রসালো ও সুগন্ধি গুলাব জামুন কেক ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রায় পরিবেশন করলে এর স্বাদ আরও বেশি উপভোগ করা যায়।









