চকোলেট ব্রাউনি নাম শুনলেই অনেকের জিভে জল আসে। কিন্তু ময়দা, মাখন, চিনি আর চকোলেটের মতো উপকরণ থাকায় অনেকেই ইচ্ছে থাকলেও ব্রাউনি খেতে দ্বিধা করেন। তবে একটু অন্যভাবে চাইলে তৈরি করা যায় তুলনামামূলক হালকা ও ভিন্ন স্বাদের ব্রাউনি।
ময়দার বদলে ছোলা, ওট্স কিংবা মিষ্টি আলুর মতো উপকরণ ব্যবহার করে তৈরি করা যায় সুস্বাদু চকোলেট ব্রাউনি। বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন এমন তিনটি রেসিপি।
ছোলার চকোলেট ব্রাউনি
উপকরণ: ছোলা, ওট্স, ব্রাউন সুগার, পিনাট বাটার, ম্যাপল সিরাপ, বেকিং পাউডার, ডার্ক চকোলেট, আখরোট ও কাঠবাদাম।
প্রণালি: প্রথমে ছোলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এর সঙ্গে ওট্স, ব্রাউন সুগার, পিনাট বাটার, ম্যাপল সিরাপ ও বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার মিশ্রণের সঙ্গে কুচোনো ডার্ক চকোলেট, আখরোট ও কাঠবাদাম মিশিয়ে দিন। একটি বেকিং টিনে অল্প তেল বা বেকিং পেপার ব্যবহার করে মিশ্রণটি ঢেলে সমান করে দিন। উপর থেকে আরও কিছু কুচোনো চকোলেট ও বাদাম ছড়িয়ে দিন।
আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করা ওভেনে বা চুলায় হাঁড়িতে পানি গরম করে এর ওপর মিশ্রনটি বসিয়ে প্রায় ২৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে পছন্দমতো টুকরো করে পরিবেশন করুন।
চকোলেট লাভা কুকি
উপকরণ: ওট্স, বেকিং সোডা, ঘি, গুড়, ডার্ক চকোলেট ও চকো চিপস।
প্রণালি: প্রথমে শুকনো কড়াইয়ে ওট্স সামান্য নেড়ে নিন। এরপর এর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে রাখুন।
অন্য একটি পাত্রে ঘি হালকা গরম করে তাতে গুড় দিন। ভালোভাবে ফেটাতে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি কিছুটা ক্রিমি হয়ে আসে। এবার গুড়ের মিশ্রণটি ওট্সের সঙ্গে মিশিয়ে ভালোভাবে মেখে নিন।
মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল লেচি তৈরি করুন। হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে মাঝখানে এক টুকরো ডার্ক চকোলেট রাখুন। চারদিক থেকে মুড়ে আবার গোল করে নিন। উপর থেকে ছড়িয়ে দিন চকো চিপস।
এবার কুকিগুলো এয়ার ফ্রায়ারে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে বেক করুন। বাইরে থেকে হালকা শক্ত আর ভেতরে চকোলেটি নরম থাকলেই তৈরি হয়ে যাবে লাভা কুকি।
রাঙা আলুর চকোলেট ব্রাউনি
উপকরণ: ১ কাপ সেদ্ধ রাঙা আলু, আধ কাপ পিনাট বাটার, ৩ টেবিল চামচ মধু, ১ কাপ ওট্স ও আধ কাপ কোকো পাউডার।
প্রণালি: প্রথমে সেদ্ধ রাঙা আলু ভালোভাবে চটকে নিন। এর সঙ্গে পিনাট বাটার ও মধু মিশিয়ে মসৃণ করে নিন। এবার এতে ওট্স ও কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।
একটি বেকিং টিনে বেকিং পেপার বিছিয়ে ব্যাটারটি ঢেলে উপরটা সমান করে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করা ওভেনে প্রায় ২০–২৫ মিনিট বেক করুন।
ওভেন থেকে বের করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর টুকরো করে পরিবেশন করুন। রাঙা আলুর প্রাকৃতিক মিষ্টতা ও কোকোর গভীর স্বাদে তৈরি এই ব্রাউনিতে ময়দার প্রয়োজন পড়ে না।
তিনটি রেসিপির ক্ষেত্রেই বেক করার সময় ওভেন বা এয়ার ফ্রায়ারের ধরন অনুযায়ী কিছুটা কম-বেশি হতে পারে। তাই শেষ কয়েক মিনিটে ব্রাউনির অবস্থা দেখে সময় ঠিক করে নেওয়াই ভালো।









