গরমের দিনে ভারী খাবারের বদলে হালকা ও পুষ্টিকর কিছু খেতে চাইলে সবজির সালাদ হতে পারে সহজ সমাধান। গাজর, টমেটো, ব্রকলি, ফুলকপি ও মটরশুঁটির সঙ্গে টকদইয়ের মশলাদার ড্রেসিং আর ভাজা তিল যোগ করলে তৈরি করা যায় সুস্বাদু ও রঙিন এই সবজির সালাদ। খুব অল্প সময়েই তৈরি করা যায় এটি।
যেভাবে তৈরি করবেন
প্রথমে গাজর, টমেটো ও ব্রকলি ছোট ছোট কিউব বা টুকরো করে ভাপে সেদ্ধ করে নিতে হবে। ফুলকপি ও মটরশুঁটিও হালকা ভাপে সেদ্ধ করে রাখা যেতে পারে। সবজি যেন একেবারে নরম হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
এরপর শুকনো তাওয়ায় এক টেবিল চামচ তিল হালকা করে ভেজে নিতে হবে। এতে তিলের স্বাদ ও ঘ্রাণ আরও ভালোভাবে ফুটে উঠবে।
সালাদের ড্রেসিং তৈরি করতে পানি ঝরানো টকদই বা মেয়োনেজের সঙ্গে স্বাদমতো লবণ, ভাজা জিরার গুঁড়া ও ভাজা শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে নিতে হবে। এতে কুচি করা পুদিনা পাতা, ধনেপাতা ও ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি করতে হবে মশলাদার ড্রেসিং।
সবশেষে একটি বড় বাটিতে ভাপে সেদ্ধ করা গাজর, টমেটো, ব্রকলি, ফুলকপি ও মটরশুঁটি নিতে হবে। এর সঙ্গে ভাজা তিল ও তৈরি করা ড্রেসিং দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
রঙিন সবজি ও মশলাদার ড্রেসিংয়ে তৈরি সালাদটি সঙ্গে সঙ্গে পরিবেশন করা যায়। হালকা নাশতা কিংবা খাবারের সঙ্গে সাইড ডিশ হিসেবেও এটি বেশ মানিয়ে যাবে।









