ভারী ও মসলাযুক্ত খাবার খাওয়ার পর অনেকেই অ্যাসিড রিফ্লাক্স সমস্যায় ভোগেন। আবার যাদের পাকস্থলী বেশি অ্যাসিড নিঃসরণ করে তারাও এ সমস্যায় পড়েনি বেশি। দিনটাকে অ্যাসিডময় করে তুলতে না চাইলে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি চর্চা করতে পারেন এ ইয়োগা আসনগুলো।
উষ্ট্রাসন
ইংরেজিতে বলে ক্যামেল পোজ। এই পোজ করতে গিয়ে শরীর অনেকটা উটের মতো বাঁকা হয়ে যায় বলেই এমন নাম।
প্রথমে হাঁটু গেড়ে বসুন। পা দুটো পেছনে ছড়িয়ে দিন। পেছনে হেলে দু' হাত দিয়ে পায়ের গোড়ালি ধরে মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিন। ধীরে ধীরে পেটটাকে সামনের দিকে এগিয়ে দিন। ডান হাতের বুড়ো আঙুল ডান গোড়ালির ভেতরে ও অন্য আঙুলগুলো বাইরের দিকে থাকবে।
পশ্চিমোত্তাসন
এই আসনের ইংরেজি নাম সিটেড ফরোয়ার্ড বেন্ড। প্রথম দিকে করতে খানিকটা কষ্টকর হতে পারে। তবে ধীরে ধীরে চর্চা করলে সব ইয়োগাই সহজ হয়ে যাবে। এর জন্য তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ধাপগুলো অনুসরণ করুন।
প্রথমে চিত হয়ে দু' হাত তুলে সিলিংয়ের দিকে রাখুন। শ্বাস নিতে নিতে সামনে ঝুঁকুন। এরপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দু' হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল ধরুন। কপাল ঠেকিয়ে দিন হাঁটু বরাবর। পেটটাকে লাগানোর চেষ্টা করুন উরুতে। তবে হাঁটু ভাঁজ করা যাবে না। প্রথম দিকে এভাবে ৪-৫ সেকেন্ড থাকুন। পরে ধীরে ধীরে সময়টা বাড়াতে পারবেন।
কপালভাতি প্রাণায়াম
এ আসনের ভিডিও কিংবা আরও বিস্তারিত গবেষণালব্ধ তথ্য পেতে ‘স্কাল শাইনিং ব্রেথ’ লিখে সার্চ করুন। গ্যাস্ট্রাইটিসের সমস্যা দূর করতে এটাই সবচেয়ে সহজ আসন।
প্রথমেই বসে পড়ুন পদ্মাসনে। শিরদাঁড়া সোজা রাখতে ভুলবেন না। মুখ দিয়ে বড় করে শ্বাস নিন। তবে বুক না ফুলিয়ে এসময় পেট ফোলাতে হবে। এরপরে কিছুক্ষণ বাতাস ধরে রেখে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়তে ছাড়তে যেন পেট ও নাভি সংকুচিত হয়। পরপর দশবার এমনটা করে বিশ্রাম নিন।
হালাসন
প্লাউ পোজ বলা হয় ইংরেজিতে। কারণ এ আসনে নিজেকে বাঁকাতে পারলে শরীরটাকে হালচাষের হালের মতোই দেখাবে। ছবি দেখে প্রথমে অসম্ভব মনে হতেই পারে। তবে প্র্যাকটিসে মিলায় বস্তু।
প্রথমে দুপাশে দুহাত রেখে ম্যাটের ওপর শুয়ে পড়ুন। এরপর শরীরের মাংসপেশীগুলোর ওপর চাপ দিয়ে পা দুটো ধীরে ধীরে উপরে তুলুন। ভারসাম্য বজায় রাখুন হাত দিয়ে। তারপর পা বাঁকিয়ে ছবির মতো বুড়ো আঙুল দুটোকে মেঝেতে ছোঁয়ানোর চেষ্টা করুন। কয়েক সেকেন্ড ধরে রেখে আবার আগের অবস্থায় ফিরে যান। এভাবে কয়েকবার করলেও অ্যাসিডিটির জ্বালা কমবে।
পবনমুক্তাসন
এখানে পেটের গ্যাসটাকেই বলা হয়েছে পবন, তথা বায়ু। আর আসনের নামেই বোঝা যায় এর কাজ কী হতে পারে। ইংরেজিতেও নাম একই- উইন্ড রিলিভিং পোজ।
যথারীতি চিৎ হয়ে শুয়ে পা দুটোকে সোজা করে রাখুন। শ্বাস-প্রশ্বাস বজায় রেখে ধীরে ধীরে দুই হাঁটু বুকের কাছে চেপে ধরুন। থাই দুটো যতটা সম্ভব বুকের কাছে নিয়ে পা দুটোকে হাত দিয়ে আঁকড়ে ধরুন। যখন শ্বাস নেবেন তখন হাতে ঢিল দিন। শ্বাস ছাড়ার সময় শক্ত করে ধরুন।









