পরিচ্ছন্ন ও পরিপাটি একটি ঘর শুধু সৌন্দর্যই বাড়ায় না, মানসিক স্বস্তিও এনে দেয়। এ কারণেই বিশ্বের সবচেয়ে গোছানো জাতিগুলোর একটি হিসেবে জাপানিদের নাম বারবার উঠে আসে। তাদের কাছে ঘর পরিষ্কার রাখা কেবল অতিথি আপ্যায়নের জন্য নয়, বরং দৈনন্দিন জীবনযাপনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
জাপানিদের বিশ্বাস, একদিন ধরে অনেক সময় ব্যয় করে ঘর পরিষ্কার করার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে গুছিয়ে রাখার অভ্যাস অনেক বেশি কার্যকর। ফলে ঘরে কখনোই অতিরিক্ত অগোছালো পরিবেশ তৈরি হয় না।
১. কাজ শেষ, সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখা
রান্না শেষ করেই রান্নাঘর পরিষ্কার করা, ব্যবহার করা জিনিস আবার নির্দিষ্ট জায়গায় রাখা কিংবা পোশাক বদলেই তা গুছিয়ে রাখা, এসবই জাপানিদের দৈনন্দিন অভ্যাস। এতে পরে একসঙ্গে অনেক কাজ জমে থাকে না।
২. অপ্রয়োজনীয় জিনিসের ভিড় নয়
ঘরে যত কম অপ্রয়োজনীয় জিনিস থাকবে, তত সহজ হবে পরিচ্ছন্ন রাখা। দীর্ঘদিন ব্যবহার করা হয় না এমন জিনিস দান করা বা সরিয়ে দেওয়ার প্রবণতা জাপানিদের মধ্যে বেশ জনপ্রিয়। এতে ঘর যেমন খোলামেলা থাকে, তেমনি পরিষ্কার করাও সহজ হয়।
৩. প্রতিটি জিনিসের নির্দিষ্ট ঠিকানা
কাঁচি, রিমোট, চার্জার, চাবি কিংবা নখ কাটার যন্ত্র প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে রাখেন তারা। ব্যবহার শেষে সেই জায়গাতেই ফিরিয়ে রাখার অভ্যাস ঘরকে সবসময় পরিপাটি রাখে।
৪. ঘরের বাইরে জুতা
জাপানি সংস্কৃতিতে বাইরে থেকে জুতা পরে ঘরে প্রবেশের প্রচলন নেই। প্রবেশপথেই জুতা খুলে রাখার ফলে বাইরের ধুলাবালি ও জীবাণু ঘরের ভেতরে কম প্রবেশ করে এবং মেঝে দীর্ঘ সময় পরিষ্কার থাকে।
৫. প্রতিদিন অল্প সময়ের পরিচ্ছন্নতা
প্রতিদিন কয়েক মিনিট সময় দিলেই ঘর পরিচ্ছন্ন রাখা সহজ হয়। টেবিল মুছে নেওয়া, ধুলা ঝাড়া কিংবা বাথরুম দ্রুত পরিষ্কার করে নেওয়ার মতো ছোট কাজগুলোই বড় পরিশ্রমের প্রয়োজন কমিয়ে দেয়।
৬. নতুন এলে পুরোনো বিদায়
জাপানিদের একটি জনপ্রিয় নীতি হলো ‘ওয়ান ইন, ওয়ান আউট’। অর্থাৎ ঘরে নতুন কিছু এলে একটি পুরোনো বা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেওয়া। এতে ঘরে অকারণে জিনিসপত্র জমে না।
৭. পরিবারের সবাই ভাগ করে নেন দায়িত্ব
পরিচ্ছন্ন ঘর শুধু একজনের দায়িত্ব নয়। পরিবারের সদস্যদের মধ্যে ছোট ছোট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। কেউ টেবিল পরিষ্কার করেন, কেউ বাসন ধোন, কেউ কাপড় ভাঁজ করেন। ফলে কাজের চাপ কমে, আর ঘরও থাকে সবসময় গুছানো।
পরিচ্ছন্নতার আসল রহস্য
দামি ক্লিনিং সরঞ্জাম বা একদিনের দীর্ঘ পরিশ্রম নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই একটি ঘরকে দীর্ঘদিন পরিষ্কার ও সুন্দর রাখে। ঘর গোছানোর কাজকে যদি আলাদা ঝামেলা না ভেবে দৈনন্দিন রুটিনের অংশ করা যায়, তাহলে পরিচ্ছন্ন ও আরামদায়ক বাসস্থান গড়ে তোলা অনেক সহজ হয়ে ওঠে।









