ব্রিটিশ-তুর্কি লেখিকা এলিফ শাফাককে যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি অব লিটারেচারের নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে। বার্ষিক সাধারণ সভায় ফেলোদের ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়।
শাফাক বলেন, “শুধু একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যুক্ত হওয়া নয়, এতে রয়েছে সহমর্মিতা, সংহতি ও একসাথে পথচলার বার্তা। এই অস্থির ও কঠিন সময়ে অনেক লেখক-সাংস্কৃতিক কর্মী একাকিত্ব অনুভব করেন—এই প্রেক্ষাপটে সাহিত্যজগতের জন্য আরএসএল হতে পারে শক্তি ও সমর্থনের জায়গা।”
সাবেক প্রেসিডেন্ট ইভারিস্তো বলেন, “বিশ্বব্যাপী সমাদৃত লেখক, পাবলিক ইন্টেলেকচুয়াল ও বক্তা হিসেবে শাফাকের নেতৃত্ব প্রতিষ্ঠানটিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”
২০২০ সাল থেকে শাফাক আরএসএলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এখন পর্যন্ত ২১টি বই লিখেছেন এবং তার রচনাবলি এরই মধ্যে ৫৮টি ভাষায় অনূদিত হয়েছে।









