অমর একুশে বইমেলা ২০২৬

মানুষের আরো বেশি বই পড়া উচিত : মেহেদি হাসান তন্ময়

সাক্ষাৎকার গ্রহণ : উমামা জামান মিম
১২ মার্চ ২০২৬, ১৭:১০আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৭:১০

উমামা জামান মিম: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

মেহেদি হাসান তন্ময়: বইমেলায় আমার কবিতার বই ‘হাওয়াবিতান’ প্রকাশিত হচ্ছে। এটি আমার দ্বিতীয় কবিতার বই। বইটি বইমেলাসহ রকমারিতে পাওয়া যাবে।

প্রশ্ন: বইটি সম্পর্কে পাঠকদের কিছু বলুন।

উত্তর: ‘হাওয়াবিতান’ বইটিতে আমি একই ধারার গদ্যছন্দে অনেকগুলো কবিতা রেখেছি। সেগুলোর বেশিরভাগই ছোট এবং পাঁচ-সাত সারির কবিতা। এছাড়াও এতে সনেট, ছান্দসিক কবিতা ও ছড়া রয়েছে। ছাপ্পান্ন পৃষ্ঠায় ছাপ্পান্নটি কবিতা রয়েছে। বইটিতে প্রাধান্য পেয়েছে যান্ত্রিক বিষাদ, সহজ জীবনবোধ এবং প্রেমের কাছে চাওয়া-পাওয়া। প্রচ্ছন্নতা এই বইয়ের অন্যতম প্রকাশ। বইটির রচনাকাল ২০১৪-২০২৫; অর্থাৎ প্রায় এক যুগ সময় নিয়ে বইটি রচনা করা হয়েছে। তবে বেশিরভাগ কবিতাই জাহাঙ্গীরনগরে লেখা। আমার প্রথম বইয়ের সাথে দ্বিতীয় বইয়ের প্রকাশনা সময়ের ব্যবধান ৯ বছর। নিজের সাথে অনেক বোঝাপড়া করে বইটি লেখা। সামনে আরো বই আসবে।

প্রশ্ন: শুরু থেকেই বইমেলা নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছিল, এমন গুরুত্বপূর্ণ ইভেন্টে কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে?

উত্তর: বইমেলা শুধু একটি মেলা নয়, এটি পাঠক ও লেখকদের মিলনমেলা। বাংলা ভাষার লড়াইয়ের ইতিহাস এই মেলার নামকরণের সাথে মিশে আছে; ফলে একে অগুরুত্বপূর্ণ ভাবার কিছু নেই। নির্বাচনের সময় আরো কিছুদিন এগিয়ে দিয়ে মেলাটি সঠিক সময়ে হতে দেওয়াই কর্তৃপক্ষের উচিত কাজ হতো।

প্রশ্ন: সময় কমিয়ে আনা ও রমজানের কারণে মেলায় কেমন প্রভাব পড়বে?

উত্তর: পবিত্র রমজান মাসে মানুষের আরো বেশি বই পড়া উচিত, কারণ রমজান মাসেই সর্বপ্রথম পবিত্র কুরআন নাজিল হয়। তবে এদেশের মানুষেরা রমজানের শেষের দিকে এসে ঈদের শপিং করবে নাকি বই কিনবে! এমনিতেই বইয়ের পাঠক কম, তারপর এমন সময়ে মেলাটি করা ঠিক হয়নি। দেরি যেহেতু হয়েই গেছে, তাই ঈদের পরে বইমেলাটি করলে আরো বেশি বই প্রকাশিত হতো এবং বই ক্রয়-বিক্রয় অধিক হতো।

প্রশ্ন: গত বছর বইমেলা নিয়ে প্রকাশকদের হতাশা দেখেছি। অনেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল। এ বছর কিছু আশঙ্কা আছে?

উত্তর: গত বছর সময়টা খারাপ ছিল, এই বছর সময়টা আরো খারাপ। নিরাপত্তার কথা বলতে গেলে, নির্বাচনে তেমন সহিংসতা ছিল না তাই একটু আশ্বস্ত থাকছি। তবে এই বইমেলা প্রকাশকদের আরো হতাশ করবে বলে ধারণা করছি।

প্রশ্ন: একটি সুন্দর বইমেলা আয়োজন করতে কী কী পদক্ষেপ নিলে ভালো হয়?

উত্তর: বইমেলার স্টলগুলোকে সাজানো এবং নাম্বারিংয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের কিছু গোছানো পদক্ষেপ নেওয়া উচিত। এগুলো ডাটাবেইজে সংরক্ষণ করে মেলার স্টলগুলোর ডিজাইনসহ ডিজিটাল মাধ্যমের ওয়েবসাইট বা অ্যাপসে দিলে পাঠকরা তাদের মনমতো বই খুঁজে পেতে আরো সহায়ক হবে বলে আমি মনে করি।

প্রশ্ন: মেলায় এবং সারাবছর যত বই প্রকাশিত হয় তার ডিজিটাল ডাটাবেজ কি বাংলা একাডেমি বা কোনো কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারে?

উত্তর: গ্রন্থনা ও মুদ্রণের জন্য স্বত্বাধিকারী নাম্বার যে প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় সেখানে থাকতে পারে। বাংলা একাডেমিও সংরক্ষণ করতে পারে; আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে রাখা উচিত এবং এটি সময়োপযোগী।

প্রশ্ন: বইমেলায় লেখক-পাঠক সম্পর্ক বা যোগাযোগের বর্তমান বাস্তবতা কী?

উত্তর: যার যেমন বই পড়তে ভালো লাগে সে তেমন বই পড়ে। যাদের লেখনী সুধীজনের সমাদৃত, তাদের লেখা পাঠকেরা অধিক গুরুত্ব দিয়ে থাকে। তবে সাধারণ পাঠকদের মাঝে কিছু কবি-লেখকদের নিয়ে কৌতূহল থাকেই।

প্রশ্ন: প্রচুর বই ছাপা হচ্ছে কিন্তু বইয়ের মান ও সম্পাদনা নিয়ে প্রকাশকেরা কতটা সচেতন বলে মনে করেন?

উত্তর: বাংলা ভাষা পৃথিবীর এক অতীব গুরুত্বপূর্ণ ভাষা। এই ভাষা ও সংস্কৃতি মিলেমিশে একাকার এবং এখানে বইমেলার অবদান অনেক। সব ভাষার মতোই অনেক ভালো বইয়ের মাঝে কিছু তুলনামূলকভাবে কম ভালো বই আসে। তাদের সংখ্যাও কম নয়, তবে এক্ষেত্রে দেশের প্রকাশকেরা সর্বপ্রথম তাদের ব্যবসায়ী মনোভাবকে প্রাধান্য দেন।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে