আপেল আপেল হাহাকার

সুবর্ণা গোস্বামী
১৩ জানুয়ারি ২০২২, ১৮:২৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮:২৬

টিফিন

এমন একটা গঙ্গারঘাট। যিনি স্নান করেন তিনি জল দেখেন 
যিনি করেন না তিনি দেখেন জঞ্জাল। 
এটা একশ্রেণির জন্য হটপট অন্যজনের অফুরন্ত জল
এবং
পেটভর্তি বিষাদের ছানাপোনা।

টিফিন উচ্চাঙ্গ সেতার হতে পারত হতে পারত বেহালা 
কিন্তু এত উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে সে কেবলই ডিমরুটির সাথে কালো হয়ে যাওয়া কলা।

মায়ের হাতের কারুকাজ থাকলে তাকে জাদুঘরে 
ঠাঁই দেয়া যায় আর না থাকে মুডঅফ মনোজের মতো লাস্ট বেঞ্চে 
বসে তড়িঘড়ি শেষ করতে হয়।
আর এর উপকারী ভূমিকা কী বলব শরীরের জন্য টনিক 
মনের জন্য সুকান্ত ভট্টাচার্য আর তার বাইরে একটা সাদাকালো চতুষ্কোণ।

টিফিনে আগে ক্লাস নেন উৎসাহের অধ্যক্ষ এবং পরবর্তী অধ্যায়ে ঘুমের প্রভাষক।
এর মাঝামাঝি কোনো জরুরি সংবাদ নেই, নেই কোনো আহামরি ঘোষণা।

টিফিন মহাজাগতিক প্রাণী। ভুলেও পুষবেন না।


একজন কফিন

সাদা দেয়ালঘেরা বিস্তৃত একটা ঘর। মাঝে একটা কফিন। একটাই লাশ। বাকি সব জীবিত মুখোশ।
চোখ ভেজা, কালো রুমালে নাক গোঁজা অথচ কেউ কাঁদছেন না। মৃত্যু এতটা বেদনাদায়ক না 
যতটা জীবন—কথাটা বারবার বিবৃত করছিলাম। নিজের কাছেই। তারা জানত কফিনের বয়স, মুখস্থ বলতে পারত কফিন তৈরির কাঠ কোথা থেকে আসে আর কাঠগোলাপ কতদিন শেকড়হীন বেঁচে থাকে, সব।
কিন্তু কফিনে শোয়ানো লাশটার নাম গোত্র তারা জানত না, জানত সে মদ খেত, না সিগারেট। চিত হয়ে শুতো, না কাত। জীবনে গুনে গুনে কতবার সে লাফ দিয়েছিল ছাদ থেকে বা শার্টের ভাঁজে রাখত ক ডজন ন্যাপথলিন। এসব।
মানুষ কফিনের খোঁজ রাখে ঠিকই, লাশের ভেতরের মানুষটার খোঁজ নিতে সে কখনও শেখেনি।


পতঙ্গ

বুজরুকি বিশ্বাস করবেন না। পোকাদের রক্ত সাদা। এইটুকু দায়ে তাকে পিষে দেওয়া যায় অনায়াসে, যায় কেটে ছিঁড়ে ছুড়ে ফেলে দেয়া। ছুরিটা যত্নে রাখবেন, আগলে রাখবেন তার ধারও। বলা তো যায় না আপনার বগলের লোমের সাথে কেটে গেল অন্যান্য ধারাপাত।

ছিটকে গেল সেগুন কাঠের বর্ম এবং হস্তবিশারদ জ্যোতিষের হাত। এমনও হতে পারে যে কোনো দিন কাটলই না আপনার নাড়ি আর আপনি একটা আপেল আপেল হাহাকার নিয়ে হাওয়াচ্যুত হয়ে টুপ করে স্বর্গে পড়ে গেলেন।
তো ধরুন সেখানে একদিন, অমৃতের কলসের মধ্যে আপনি একটা পোকা খুঁজছেন কিন্তু তিনি দক্ষ সাঁতারু,
আপনি হেরে যাচ্ছেন বারবার বারবার, আপনার আঙুলগুলো হয়রান।

আপনি তখন কী বাজি রাখবেন বলেন তো, হুরে জান্নাত?


ত্রিপিটক

বুকের মধ্যে একটা বনভোজন। একটা বোতল। অর্ধেক জল। আমি তার সামনে রাখা গ্লাস। শূন্য। কাচের।
গত জলে জোড়া সাঁকো। একটা চেয়ারে দুজন রাত। তারা মুঠোভর্তি মুঠো নিয়ে টিমটিম জ্বলে, চুমু খায়—নিরাবরণ নিপোশাক নিআলো।

বুকের মধ্যে অনেকগুলি মফস্বল। স্কুল ড্রেসে সুলক্ষণা সরকার। আমি উদ্ভিদ। চিৎকার ফেটে উঠে গেছি কমলাসন পার হয়ে, যোগ তবু হয়নি জগতে। গায়ে কিছু গান্ধার। অন্ধ যেমন ছুঁয়ে আমি তেমন নিষাদ। গণিতফলে কিছু ডেড সি আর গুপ্তচর। 

আমি তোমাকে বলতেই পারি চাবুক রাখো তাই বলে তুমি কী আঘাতকোষ হতে দুচারটি স্বর্ণমুদ্রা ছুড়ে দেবে
একবার মৃত মাছরাঙার দিকে? এইদিকে একজন সহিস যে তোমার ঠোঁটকে উৎসর্গ করে একটা আস্ত ত্রিপিটক গিলে ফেলেছে তাকে দিতে পারো না একফালি কামরাঙা সকাল!


অন্তর্দৃষ্টি (নারীকে) 

দাঁড়াতে হয় স্থির।
উপরে নিচে ডানে বামে নয় ভেতরে গভীর। দ্যাখো।
তুমি কি বাজ? বাজি ধরো? বাজাতে পারো তির অস্থির? 
ধূসর প্রলেতারিয়েত, আয়না ও আলমারিতে আমাদের গয়না রাখা। সেখানে কতটা তোমার শরীর, খোঁজো 
চোখ বন্ধ রাখো। দ্যাখো। দেখতে দেখতেই সাদাকালো ঘুঘুদলে পড়ুক হয় হেমন্ত আর নয় হেমন্তের যোগফল। 

পাপেট বা পার্পেল তোমার নয়। ঘন দুধের মতো সুস্বাদু জীবন এসবও নয়—
একটা নীল কুঁড়ির নীলাভ শাখায় পোষা তীব্র কাঁটা।
দাঁড়াও। দাঁড়াতে হয় স্থির।

নয়ত বট দেখবে, দেখবে দৌড়, পথের ওপর রথের চাকা।

নিজেকে কোথাও পাবে না। কোথথাও না।

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম