উদাস বসন্ত
দ্বারে দ্বারে গিয়েছি আমি
বসন্তের বাতাসা হাতে নিয়ে
টুকরো টুকরো বাতাসা জিহ্বায় নিয়েছে সবাই
চোখ রঙিন করে তাকিয়েছে
উদাস চোখের দিকে
প্রেম ছিল, বাস্তবতার করুণাও ছিল,
উপদেশ ছিল— চার দেয়ালের জীবন বেছে নেয়ার।
উদাস শরীরের হৃদপিণ্ডে ফাঁস—
কেউ দেখতে পায় না;
শুধু বখে যাওয়া, উচ্ছন্নে যাওয়া
এক মানুষকেই দেখে।
পাখি হয়ে ওড়ে
বিদ্যুৎ চমকায় শিশিরস্নাত কবিতায়
খেপাটে শব্দের মিছিলে সন্ত্রস্ত প্রেমিকারা মুষ্টিবদ্ধ হাতে
সাদা পানিতে ঘোলাটে ছবি আঁকে জলজ্যান্ত মেঘের পেন্সিল
মুনাফাখোর বাক্যগুলো জাহাজে সওয়ার হয়
কাব্যকুঞ্জে নোঙর করলেই পাখি হয়ে উড়ে শব্দের সিকুয়েন্স।









