রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে স্থানীয় যুবলীগের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শুধু ক্যাম্পাসের বাহিরেই নয়, বহিরাগতরা ক্যাম্পাসের ভেতরে এসে ছিনতাই ও শিক্ষার্থীদের মারধর করে। এছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ছাত্রীদের উত্যক্ত ও খেলার মাঠে আধিপত্যসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের হেনস্তা করে বহিরাগতরা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ার তাদের দৌরাত্ম দিন দিন বাড়ছে। তাই দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আজিজুল হক সংগ্রাম ও জুনাইদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বায়েজিদ, আসলাম, আসিফ, মৌসুমি, আজাদ, বুলবুল ও ইকবাল মোড়ল প্রমুখ।
এর আগে মঙ্গলবার একই দাবিতে ক্লাস বর্জন করে রবীন্দ্র ভবনের প্রবেশ পথ অবরুদ্ধ করে বিক্ষোভ ও গ্রন্থাগারের সামনে মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা। সেখানে তারা মারধরকারীদের শাস্তির নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রসঙ্গত, সোমবার (১২ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকায় দুই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতাকর্মী।
/এমডিপি/








