রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর শিক্ষার্থীদের প্রদর্শনী। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, অবক্ষয় ও সচেতনতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী চলবে পাঁচদিন ব্যাপী।
প্রদর্শনীর উদ্বোধন করেন এমএসজে বিভাগের প্রধান ড. জুড ইউলিয়াম হেনিলো। উদ্বোধনের পর তিনি পুরো গ্যালারি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন।
‘আরজেন্সি অব সোশ্যাল মিডিয়া লিটারেসি’ শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিক্ষার্থীদের করা ইন্সটলেশন আর্ট, লাইভ পারফর্মেন্স, ফটোগ্রাফি,ওয়াল আর্ট, এনিমশন ড্রয়িং,ভিডিও আর্ট ও ভিজুয়াল আর্ট ইত্যাদি। সব শিক্ষার্থী তাদের কোর্স অনুযায়ী সামাজিক মাধ্যম ব্যবহারের অশুভ চিত্রটি ফুটিয়ে তুলেছে।
এ সময় অন্যান্যদের মধ্যে এবারের কারিকুলাম ইন্টিগ্রেশনের সভাপতি ড.সুমন রহমান,মারিয়াম আকতার,এ এফ এম মনিরুজ্জামান,ড.বারবাক কারমাল ও মুহাম্মদ সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছাড়া তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত এবং চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
/এমডিপি/








