শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল-২০১৭’ শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ কার্নিভালের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং জনপ্রিয় কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘দেশে তথ্য প্রযুক্তির অগ্রগতির ধারা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন উৎসব করতে সব বিভাগকেই তাদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে।’
অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এতেই বোধা যায় স্কুলের শিক্ষার্থীরাও প্রোগ্রামিং এর ক্ষেত্রে কতটা এগিয়ে আছে।’
কার্নিভালের সমন্বয়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন প্রতিযোগিতা, রোবটিক্স প্রতিযোগিতা এবং গেমিং প্রতিযোগিতা এই চারটি ইভেন্ট এবারের আয়োজনে অনুষ্ঠিত হবে।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের ৫১টি বিশ্ববিদ্যালয় থেকে ১৬০টি দল, হ্যাকাথন প্রতিযোগিতায় ৩৬টি দল এবং রোবটিক্স প্রতিযোগিতায় ২৮টি দল অংশ গ্রহণ করছে।
অনুষ্ঠানে অধ্যাপক ড. ইয়াসমিন হক, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. শহিদুর রহমান, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম, আ্ইপিই বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. সালমা ইসলাম ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
/এমডিপি/








