নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো ‘সাসটেইনেবল একোয়াকালচার অ্যান্ড ফিশারিজ নিয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ আগস্ট) নোবিপ্রবি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম অহিদুজ্জামান ও মৎস্য অধিদফতরের পরিচালক (সামুদ্রিক) এম আই গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ-আল- মামুন সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন। সিম্পোজিয়ামের মূল প্রবন্ধ পাঠ করেন নোবিপ্রবি উপ-উপাচার্য ড. মো. আবুল হোসেন।
সিম্পোজিয়ামে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমুদ্র বিজয় স্বার্থক করতে হলে আমাদের মেরিন সায়েন্স ও ফিশারিজ নিয়ে ব্যাপক ভিত্তিতে গবেষণা করতে হবে।’
এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের একযোগে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ‘সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রচুর গবেষণার সুয়োগ রয়েছে এ অঞ্চলে।’ তিনি আরও বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা ও দক্ষ জনবল সৃষ্টিতে নোবিপ্রবি বরাবরই প্রসংশনীয় অবস্থান ধরে রাখবে।’
অনুষ্ঠানে মৎস্য, শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও নীতিনির্ধারক ড. মাহমুদুল করিমকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
/এমডিপি/








