ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর ২০১৭ অনুষ্ঠিত হচ্ছে দেশের প্রথম স্পোর্টস বিজনেস কনফারেন্স "স্পোর্টস হাব বাংলাদেশ-২০১৭"। রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশন অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য এই দিনব্যাপী কনফারেন্সের বিভিন্ন সেশনে নিজেদের ভাবনা তুলে ধরবেন ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
রবিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সঙ্গে এই সংক্রান্ত সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। ইউল্যাবের উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ইমরান রহমান, রেজিস্ট্রার প্রফেসর আক্তার আহমেদ, ইমেগো স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাবির, ইমেগো স্পোর্টসের কো-ফাউন্ডার ও চিফ মার্কেটিং অফিসার তামজিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগকারী শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়াপ্রেমীদের এক সুতোয় গাঁথার প্রচেষ্টা ‘স্পোর্টস হাব বাংলাদেশ’। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হবে ‘স্পোর্টস বিজনেস আইডিয়া কম্পিটিশন’। সেরা তিন বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে স্মারক ও অর্থ পুরষ্কার। স্পোর্টস হাবের নলেজ পার্টনার হিসেবে থাকবে ইউল্যাব।
/এফএএন/








