আজ ২৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে পঞ্চমবারের মতো শুরু হয়েছে চাকরি মেলা। শেখ রাসেল স্কুল মাঠে দুই দিনব্যাপী মেলাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
ক্লাবের সভাপতি শাহিনুর রহমান শাকিলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহ্ আজমসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শুধু খাতা-কলমের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যারিয়ার বিষয়ক সংগঠন যদি প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে ওঠে তাহলে শিক্ষার্থীদের সংকটে পড়তে হবে না। এসব সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাকে বিভিন্ন সৃজনশীল কাজে লাগাতে শিখবে। আর এর মাধ্যমেই তারা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে।
উল্লেখ্য, এবারের মেলায় মোট ২৬টি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলা চলাকালে প্রতিটি কোম্পানি চাকরি প্রত্যাশীদের সিভি বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যদের ‘অনস্পট’ নিয়োগ দিচ্ছে। এছাড়াও মেলায় ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ১১টি সেমিনার অনুষ্ঠিত হবে।








