ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর এমবিএ শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মে) সন্ধ্যায় ইউডার অডিটোরিয়ামে এ ওয়ার্কশপটির আয়োজন করে ইউডার ব্যবসায় অনুষদের এমবিএ ও ইএমবিএ বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান।
এছাড়াও অনুষ্ঠানে ছিলেন ইউডার রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফফাত চৌধুরী, মাস্টার্স প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম, প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার তপন কুমার বিশ্বাস, ব্যবসায় শিক্ষা অনুষদের হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ফ্যাকাল্টি আব্দুল্লাহ-হিল-মুনতাকিম এবং এমবিএ কো-অর্ডিনেটর মাহমুদুল কবির।
অধ্যাপক মুজিব খান বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করতে হবে। এবং সে শিক্ষাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সুন্দর কাজের মধ্য দিয়ে দেশ এবং নিজের উন্নতি করতে হবে।
তপন কুমার বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি উপযুক্ত ক্যারিয়ার গড়া। আর এজন্য প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগী হতে হবে। এছাড়া পাঠ্য বই পড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
এছাড়াও আব্দুল্লাহ-হিল মুনতাকিম শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, টাইম ও টিম ম্যানেজমেন্ট, পাবলিক স্পিকিং, ফোরকাস্টিং এবং চাকরির ক্ষেত্রে প্রফেশনাল দক্ষতাসমূহ নিয়ে আলোচনা করেন।








