রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। রাজধানীতে আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন তারা।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, রাষ্ট্র আজ এমন ফ্যাসিবাদী আচরণ করতে শুরু করেছে যেখানে শিক্ষকরা রাস্তায় নামলে পেটানো হয়, শ্রমিকেরা রাস্তায় নামলে পেটানো হয়। রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী কোমলমতি শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করছে। এই অবস্থায় একটা দেশ চলতে পারে না। যতদিন কোমলমতি শিক্ষার্থীদের দাবি আদায় না হয়, আমরা তাদের সঙ্গে আছি।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুমনা গুপ্তা বলেন, নিরাপদ সড়ক মৌলিক অধিকারের মধ্যে পড়ে। রাষ্ট্রের যথেচ্ছাচারের কারণে সড়কে নিরীহ প্রাণগুলো অকালে ঝরে যাচ্ছে। একটা সভ্য দেশের জন্য এটি কলঙ্ক। এটি আজ বিবেকের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যেখানে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসতে হয়।








