শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে ফলিত বায়োটেকনোলোজি ইনস্টিটিউট নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নতুন ইনস্টিটিউট চালু হতে যাচ্ছে। চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ ইনস্টিউটটি চালু করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি হুয়াজং বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।
উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান জানান, হুয়াজং বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে রাবির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সেই বিশ্ববিদ্যালয় সফর করেন। গত ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। ওই প্রতিনিধি দলে ছিলেন-বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম, বায়োলজিক্যাল ইনস্টিউটের সাবেক পরিচালক অধ্যাপক মনজুর হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ এফ এম আলী হায়দার এবং রাবির অধিভূক্ত সিরাজগঞ্জের হেনরি ইনস্টিটিউটের চেয়ারম্যান জান্নাত আরা হেনরি।
উপাচার্য জানান, সফরকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা, উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সৃষ্টি, বায়োলোজি, উদ্যানতত্ত্ব, একুয়াকালচার, পোস্ট হারভেস্ট প্রসেসিং টেকনোলজি ও কৃষি অর্থনীতি বিষয়ে যৌথ গবেষণা, বাংলাদেশের বিভিন্ন খাদ্যশস্য সংরক্ষণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, যৌথ উদ্যোগে পরিবেশ ও কৃষি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করাসহ গুরুত্বপূর্ণ ৫টি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্মারকে রাজশাহী বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এবং হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক জিং ডেন স্বাক্ষর করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ।








