কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হয়েছে আজ। ২০১৮ সালের ৪ এপ্রিল আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয় সাংবাদিক সংগঠনটি।
‘সর্বদা সত্যের সন্ধানে’ এই স্লোগানকে ধারণ করে বিগত এক বছর ধরে বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটির প্রতিটি সদস্য।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সামনের পথচলায় সবার সহযোগিতা কামনা করে সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজ কিশোর বলেন, ‘ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার চর্চা ও বস্তুনিষ্ঠতার সাথে ক্যাম্পাসকে পত্রিকার পাতায় তুলে ধরার পণ থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। এই এক বছরে আমরা সে পথ ধরে হেঁটেছি। এই প্রেরণা থেকেই সবার সহযোগিতায় সামনের দিনগুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আরও সমৃদ্ধ হবে বলে আশা রাখি।’
সংগঠনটির সভাপতি শতাব্দী জুবায়ের বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। আজ তার এক বছর পূর্তির দিনে এসে প্রাপ্তি অনেক। আর প্রত্যাশা থাকবে আমাদের সত্য প্রকাশের সাহসী যাত্রা সামনে আরো বেগবান হবে।
উল্লেখ্য, সরকারি ছুটি বিবেচনায় সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল উদযাপন অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল। উদযাপন উপলক্ষে সংগঠনটির উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও আমাদের নতুন সময় এর সম্পাদক নাঈমুল ইসলাম খান।








