‘টেক ইয়োর ক্যামেরা, ফ্রেম ইয়োর ড্রিম’ শিরোনামে আয়োজিত হচ্ছে একাদশ আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবের একাদশ আয়োজনের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
আগামীকাল ২৯ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে উৎসবটির প্রদর্শনী শুরু হচ্ছে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। শীর্ষ ২০০ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে আয়োজনে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৯৬টি দেশের মোট ১ হাজার ৪০১ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোট ১৫৩ টি স্বল্পদৈর্ঘ্য জমা পড়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ বিন হোসেন। আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের নির্মাতা পাবেন জহির রায়হান বেস্ট শর্ট এর পুরস্কার। পাশাপাশি শ্রেষ্ঠ বাংলাদেশি তরুণ নির্মাতা তারেক মাসুদ বেস্ট এমার্জিং ডিরেক্টর পুরস্কারটি পাবেন।
৩১ জুলাই উৎসবের সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধিদল, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, চলচ্চিত্র সংসদ কর্মী বিপ্লব মোস্তাফিজ এবং প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের ভ্রাতা নাহিদ মাসুদ।








