হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের নামফলক স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে তিনটি অনুষদের অধীনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের অদূরে সদর উপজেলার ভাদৈ এলাকায় অস্থায়ী ক্যাম্পাসের নামফলক স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।
সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্ল্যান্ট প্যাথলজি ও সিড সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম সোহাগ, এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, এগ্রিকালচারাল কনস্ট্রাকশন ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম রানা। নামফলক স্থাপনের পর মোনাজাতে অংশ নেন উপস্থিত অতিথিরা।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেন, ‘এই মুহূর্তে স্বল্প পরিসরে অনানুষ্ঠানিকভাবে নামফলক স্থাপন করা হয়েছে। পরবর্তী সময়ে বড় পরিসরে সবার উপস্থিতিতে শিক্ষা কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে’।
তিনি আরও বলেন, ‘২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে তিনটি অনুষদের অধীনে (কৃষি, মাৎস্য, ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স) শিক্ষার্থী ভর্তি করা হবে।’ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।









