কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে অপর এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বুধবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম মামুন অর রশিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মার্চ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পুকুরপাড়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহেল শিহাবকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আহত করেন মামুন। ছাত্রশৃঙ্খলা বিধি আনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে উপর্যুক্ত কারণ দর্শাতে বলা হয়।
এদিকে বুধবার বেলা ২টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন বিভাগটির শিক্ষার্থীরা। এ সময় বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরে প্রশাসনের শোকজ নোটিশ ও শিক্ষকদের অনুরোধে তারা আন্দোলন স্থগিত করেন।
এর আগে গত ২৮ মার্চ মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মাঠে নামে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। এ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দফায় মারামারির ঘটনা ঘটে।
খেলা চলাকালে প্রথম দফায় মারামারির ঘটনা ঘটে। এরপর সিনিয়র শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সহায়তায় বিষয়টি সমাধান করে পুনরায় খেলা শুরু করা হয়। সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে কথা বলার জন্য শিহাবকে ডাকা হয়। শিহাব সেখানে গেলে মামুন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে নামেন বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা।









