কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) ১২টায় শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এ এম নূর উদ্দীন হোসাইনকে একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত শিক্ষার্থীর দাবি তিনি এ কাজে জড়িত নন। উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে।
সেই ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারএর প্রতিক্রিয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা দুটি দাবি জানান। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- দ্রুত এ এম নূর উদ্দীন হোসাইনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং একাত্তর টিভির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানহানির মামলা দায়ের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা মামলা দায়ের করার হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে আইন বিভাগের এক শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, ‘তদন্ত কমিটি কর্তৃক সুস্পষ্ট কোনও তথ্য ও প্রমাণ উপস্থাপন ছাড়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে বহিষ্কার নিন্দনীয় কাজ। প্রশাসন অবশ্যই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তাই আমরা দু’দফা দাবি জানিয়েছি। দাবি পূরণ না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ব্যবস্থা গ্রহণ করবো।’
উল্লেখ্য, গত সোমবার (১৩ জুন) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন এটিএম বুথের সামনে একাত্তর টিভির গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ এম নূর উদ্দীন হোসাইনকে মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিষ্কার করে।









