কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) ৯টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়।
এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আরও আট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, প্রায় সব কেন্দ্রে নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেখা গেছে পরীক্ষার্থীদের।
টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কেন্দ্রের কেন্দ্র সমন্বয়ক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, আমরা সবাইকে বলেছি যাতে মোবাইল ফোন না নিয়ে প্রবেশ করে। কিন্তু তারপরও যদি কেউ নিয়ে আসে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। আমরা পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের সামনে ফোন রেখে পরীক্ষায় বসতে বলেছি।
পরীক্ষা শেষে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরীক্ষার্থীরা। কল্যাণী মজুমদার নামে এক শিক্ষার্থী বলেন, ‘লোডশেডিংয়ের কারণে একটু সমস্যা ছিল। হলে ঘড়ি ছিল না। ফলে সময় দেখতে সমস্যায় হয়েছি। এছাড়া কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেও এসেছে।’
আব্দুল্লাহ ফয়সাল নামে এক পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষার পরিবেশ ঠিক ছিল। কোনও সমস্যা হয়নি। তবে পরীক্ষা শর্ট সিলেবাসে হওয়ার কথা থাকলেও ফুল সিলেবাসে হয়েছে।’
পরীক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবক আব্দুল ওয়াহাব বলেন, ‘পরিবেশ সুন্দর ছিল। কোনও সমস্যা হয়নি। আগামী দিনেও যাতে এমন পরিস্থিতি বজায় থাকে।’
কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান বলেন, ‘আমরা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এবার কেন্দ্র বেশি হওয়ায় কত শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন সেটা জানতে একটু দেরি হবে। পরীক্ষার উত্তরপত্র গণনা করলে জানা কত শিক্ষার্থী অনুপস্থিত ছিল।’









