ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামী ১০ মে থেকে ভর্তি আবেদন শুরু হবে। চলবে ২১ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।
বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা।
মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আবেদকারীকে ২০২১ অথবা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান এবং ২০১৮, ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.iu.ac.bd/admission প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার ৩৫০ টাকা পরিশোধ করতে হবে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে।
প্রত্যেক আবেদনকারী কেবল ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের তারিখ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তী সমেয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একইসঙ্গে এসএমএসর মাধ্যমে জানানো হবে।









