ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (৬ মে) অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (৬ মে) সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসনবিন্যাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগের মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। সে হিসেবে একটি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ৪২ জন শিক্ষার্থী।
তিন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সংযোজন অনুযায়ী এবারই প্রথম এই অনুষদে একসঙ্গে পরীক্ষা দিচ্ছে মানবিক, ব্যাবসায় ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে জন্য ১ হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।
বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে। চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি।
মানবণ্টন
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এর মধ্যে চারুকলা ইউনিট ছাড়া বাকি সব ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনি ও ৪০ নম্বরের লিখিত অনুষ্ঠিত পরীক্ষা হবে। বহুনির্বাচনি পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।
বিভাগীয় যেসব বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র
গত বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে- ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।









