ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (৬ মে) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ দেশের আট বিভাগীয় কেন্দ্রে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের সংশোধিত নতুন নিয়ম অনুযায়ী এবারই প্রথম কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছে। এবার এই ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। সে হিসেবে একটি আসনের বিপরীতে লড়াই করবেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা উপলক্ষে শনিবার সকাল থেকেই শিক্ষার্থীরা আসতে শুরু করেন। পরীক্ষাকে কেন্দ্র অতিরিক্ত জটলা কমাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সঙ্গে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও অতিরিক্ত ভোগান্তি এড়াতে অভিভাবকদের গাড়ি পার্কিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, সেন্ট্রাল ফিল্ড নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরীক্ষা কেন্দ্র খোলার নির্ধারিত সময় সকাল ১০টায় শিক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার জন্য প্রধান গেট খুলে দেওয়া হয়।
গত বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এবং ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হচ্ছে।









