জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় দোকানদার ও কর্মচারীকে মারধর এবং বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকায় এক ইউপি সদস্যকে মারধরে অভিযুক্ত শাখা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
রবিবার (৭ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের ছাত্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী, শৃঙখলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন নাহিদ (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা) এবং মেহেদী হাসান জয় (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়, তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ জবাব আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর দফতর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, নাহিদ ও জয় গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় এক জুতার দোকানদার ও দোকানের কর্মচারীকে মারধর করে। এর একদিন পর শনিবার বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকায় সাভারের পাথালিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যকে মারধর করেন।









