রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দুই সদস্যের ওপর হামলা ও মারধর করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতা ও তার অনুসারীরা। সোমবার (২২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের লিপু চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুজন হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য শেখ নুর উদ্দিন আবির ও কর্মী রাফি খান। এর মধ্যে আবির গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
অভিযুক্তরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকি ও তার অনুসারী হাবিব আদনান, মুসরাহিকুল ইসলাম ও আল নুর।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আবির ও রাফি লিপু চত্বরের বসে ছিলেন। এ সময় সাকিবুল হাসান বাকির নেতৃত্বে তার কয়েকজন অনুসারী তাদের ওপর হামলা করে ধাওয়া দেন। একপর্যায়ে লাঠি দিয়ে পেটানো শুরু করলে দুই ভুক্তভোগী ইবলিশ চত্বরের দিকে দৌড়ে পালান।
বিষয়টি স্বীকার করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকি দাবি করেন, রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়। ছাত্রদলের চিহ্নিত কয়েকজন নেতাকর্মী আনন্দ মিছিল করেছে এবং সমাবেশ সফল করতে সেখানে যোগ দেন। ক্যাম্পাসে দেখতে পেয়ে তাদের প্রতিরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, কয়েকদিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের ছেলেদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আজ দুপুরে তারা দুজন নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে একজন গুরুতর আহত হয়ে বর্তমানে রামেক হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু ব্যবস্থা নেয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা যতটুকু জেনেছি, এটি লোকপ্রশাসন বিভাগের অভ্যন্তরীণ সমস্যা। এখানে রাজনৈতিক কোনও বিষয় ছিল না। তবে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এক নেতাকে মারধর করা হয়েছে। খোঁজখবর নিচ্ছি।









