বেলা ১১টা ৩৫ মিনিটে ক্যাম্পাস গেটে এসে পৌঁছেছেন ভর্তিচ্ছু লামিয়া। ১১টা ৫০ থেকে ডি ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে পড়েছে সিট। কেন্দ্রে কীভাবে পৌঁছাবেন তা জানেন না লামিয়া। পাচ্ছেন না রিকশাও। কী করবেন ভেবে না পেয়ে লামিয়া ছাত্র ইউনিয়নের তথ্য সহায়তা কেন্দ্রের কাছে গিয়ে সহযোগিতা চান। ঠিক এই সময়ে বাইকে করে কেন্দ্রে পৌঁছে দেন ছাত্র ইউনিয়ন কর্মী নাবিলা খায়ের। ফলে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছান ভর্তিচ্ছু লামিয়া।
শুধু লামিয়া নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এমন হাজারও শিক্ষার্থীকে যথাসময়ে কেন্দ্রে পৌঁছে দিতে কাজ করছে ‘শহীদ তাজুল বাইক সার্ভিস’।
১৮ জুন (রবিবার) থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের উদ্যোগে একদল প্রগতিশীল শিক্ষার্থী ভর্তিচ্ছুদের এই সেবা দিয়ে আসছে।
বাইক সার্ভিস প্রদান করা স্বেচ্ছাসেবক নাবিলা খায়ের বলেন, ‘গত বছরের ন্যায় এ বছরও ভর্তিচ্ছু অনেক পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে আসতে দেরি হচ্ছে। তাদের জন্য আমরা এই বাইক সার্ভিস চালু রেখেছি।’
শুধু বাইক সার্ভিস নয়, ভর্তিচ্ছুদের আবাসন ও তথ্য কেন্দ্রিক সহায়তা কার্যক্রমও চালু রেখেছে জাবি ছাত্র ইউনিয়ন। এ বিষয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, “প্রতি বছরের মতো এবারও ছাত্র ইউনিয়ন জাবি সংসদ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় সর্বাত্মক কর্মসূচি হাতে নিয়েছে। পরিক্ষার্থীদের টেন্ট সুবিধাসহ রয়েছে ‘শহীদ তাজুল বাইক সার্ভিস’। অন্তিম মুহূর্তে আসা পরিক্ষার্থীদের হলে পৌঁছে দিতে এবারও এই উদ্যোগ জারি রাখা হয়েছে। এছাড়া এপ্লিকেন্টদের আবাসন ব্যবস্থায়ও যথাসাধ্য চেষ্টা করছে ছাত্র ইউনিয়ন।”









