বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের চূড়ান্ত পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থী রাকিব মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
সুপারিশপ্রাপ্ত রাকিব মাহমুদ অনুভূতি জানিয়ে বলেন, আমি অনেক বেশি খুশি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম দিকে পেছনের সারির ছাত্র থাকলেও, ক্যারিয়ার নিয়ে যখন সচেতন হলাম এবং অবশেষে সাফল্য ধরা দিল। এই খুশি আসলে আমি কখনও শব্দে প্রকাশ করতে পারবো না। সবচেয়ে বড় কথা বাবা-মায়ের মুখের হাসিটা।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রথমত নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। জীবনে পতন থাকবে কিন্তু হাল ছাড়া যাবে না। লক্ষ্য নির্ধারণ করে লেগে থাকতে হবে। প্ল্যান বি রাখতে হবে যেন লক্ষ্য পূরণ না হলে জীবন থেমে না থাকে। অ্যাকাডেমিক লাইফে কোনও কারণে ফলাফল আশানুরূপ না হতে পারে সেক্ষেত্রে ভেঙে পড়া যাবে না। জীবনটা শুধুই একান্তই আমাদের। শুধুমাত্র অস্থায়ী পতনের কারণে সেই জীবনকে অবহেলা করা যাবে না। সৃষ্টিকর্তা আমাদের সুযোগ দিয়েছেন সেই সুযোগ কাজে লাগাতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনও নিজের লক্ষ্য পূরণ হবে না।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান আবু বক্কর ছিদ্দিক বলেন, এইটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। তবে আমাদের প্রত্যাশা ছিল আরও কয়েকজন সুপারিশপ্রাপ্ত হবে। এ জন্য একটু হতাশ! তবে আগামীতে এই সংখ্যা আরও বৃদ্ধি হবেই।
তিনি আরও বলেন, ভালো লাগার ব্যাপার হচ্ছে, আমাদের বিভাগের পথচলা অল্পদিন আগে শুরু হলেও জুডিশিয়ারির পাশাপাশি আরও বিভিন্ন সেক্টরে ভালো করছে এবং সেটার ধারাবাহিকতা বজায় রাখছে। আমরা আমাদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের দিন থেকেই স্বপ্ন দেখাই।









