ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগের আনন্দ র্যালি শেষ করে ফেরার পথে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় আটক তিন জন হলেন- নূর মোহাম্মদ শিকদার (২৩), বখতিয়ার চৌধুরী শাহিন (২৭) ও রুবেল। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমি রোকেয়া হল হয়ে টিএসসির দিকে আসছিলাম। ১০টা ১০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে হঠাৎ করেই চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ করে তিন জনকে বাইকে করে পালিয়ে যেতে দেখে আমরা হাতেনাতে আটক করি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, আমাদের ক্যাম্পাসে যেসব জায়গায় সিসিটিভির আওতায় নেই, সেগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসবো। যেখানে ককটেল ফাটানো হয়েছে, সেখানে সিসিটিভি আছে; আমরা ফুটেজ অ্যানালাইসিস করছি।
তিনি বলেন, ‘আমরা সতর্ক রয়েছি, যার কারণে শিক্ষার্থীরাই তাদের ধরে মারধর করে পুলিশে দিয়েছে। আমরা আগামীকাল (বৃহস্পতিবার) আবার বসবো। যদি বাড়তি নিরাপত্তা দরকার হয়, প্রয়োজনে তা নেওয়া হবে।









