দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে প্রত্যাখান করে এবং আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদের আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। সাতটি বামধারার ছাত্র সংগঠন নিয়ে গঠিত হয় এই জোট।
শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শুরু করে ভিসি চত্বর, মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে কাঁটাবন দিয়ে শাহবাগ এবং টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, এই সরকার ১৫ বছর ধরে মানুষের ঘাড়ে চেপে বসেছে। ভুয়া নির্বাচন কমিশন তৈরি করে মানুষের ট্যাক্সের টাকায় মানুষকে নির্বাচন দেখতে বাধ্য করেছে। কিন্তু সাধারণ মানুষ এই নির্বাচন বর্জন করেছে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি গত ৭ জানুয়ারি কার্জন হলের ভোটকেন্দ্রে কীভাবে জালভোট মারা হয়েছে। কীভাবে সারা দেশে এককভাবে নির্বাচন করে ভোটের পার্সেন্টেজ বাড়াতে জাল ভোট দিয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে আমাদের সভা সমাবেশ করতে বাধা দিয়ে আসছে। এ সময় তিনি সবাইকে আরও সংঘবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যে একটি প্রহসনের নির্বাচন এবং ডামি নির্বাচন সেটি সারা দেশের মানুষ দেখেছে। নির্বাচনের আগেই এই নির্বাচন সারা দেশের মানুষ এবং সব বিরোধী দল বর্জন করেছে। কিন্তু সবকিছু উপেক্ষা করে সরকার গায়ের জোরে নির্বাচনটি করেছে প্রশাসনকে কাজে লাগিয়ে। আমরা সরকারকে আহ্বান জানাই তারা অবিলম্বে পদত্যাগ করে যেন দেশে আবার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে।
মশাল মিছিলের আরও উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, ছাত্র ইউনিয়ন একাংশের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম, সহসভাপতি মিখাত ইরেগু, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, ছাত্র মৈত্রীর সহসাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল প্রমুখ।









