ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আরেক নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ

কুবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ২৩:২২আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২৩:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল থেকে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোটরসাইকেলটির মালিকানা দাবি করা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা দুষছেন আরেক ছাত্রলীগ নেতাকে। করেছেন প্রক্টর বরাবর লিখিত অভিযোগও।

তবে মোটরসাইকেলের মালিকানা দাবি করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক নুর উদ্দিন হোসাইন মোটরসাইকেলটির মালিকানার সপক্ষে কোনো দাফতরিক প্রমাণ প্রতিবেদককে দেখাতে পারেননি। জানাতে পারেননি রেজিস্ট্রেশন নম্বরও।

পালসার মডেলের ১৫০ সিসির কালো রঙের মোটরসাইকেলটি খোয়া যাওয়ার পেছনে তার অভিযোগের তির কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল মোস্তফা রিয়াদের দিকে।

মালিকানা দাবি করা নুর উদ্দিন হোসাইন অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমি হলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সর্বশেষ ২৩ মার্চ রেজাউল মোস্তফা রিয়াদ আমার মোটরসাইকেল নিয়ে হল থেকে বের হচ্ছে। তার আগে সেখান থেকে বেরিয়েছে জিলান আল সাদ এহসান।’

তিনি বলেন, ‘গত ২০ মার্চ আমি আমার মোটরসাইকেল কাজী নজরুল ইসলাম হলে রেখে ঢাকা গিয়েছিলাম। সিসিটিভি ফুটেজে দেখা যায় ২১ মার্চ রাত ১০টা ৩মিনিটে বাইক রাখার জায়গার দিকে তাক করা সিসিটিভি ক্যামেরাটি অন্যদিকে ঘোরানো হয়। এ সময় জিলানকে (বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি) বারবার প্রভোস্ট কক্ষের সিসিটিভি ফুটেজের মনিটরের দিকে তাকাতে দেখা যায়। এরপর ২২ মার্চ বিকাল ৫টার দিকে কয়েকজনকে বারবার আমার গাড়ির দিকে আসা-যাওয়া করতে দেখা যায়। ২৩ মার্চ দুপুর ১টা ২ মিনিটে করিডরের সিসিটিভি ক্যামেরায় স্কচটেপ মেরে দেওয়া হয়। সর্বশেষ একই দিন দুপুর ২টা ৫৫মিনিটে রিয়াদকে হলের গেট দিয়ে গাড়ি নিয়ে বের হতে দেখা যায়। আমি ক্যাম্পাসে ফিরি ২৫ মার্চ রাতে। এরপর ২৬ মার্চ নজরুল হলে বাইক নিয়ে এসে দেখি আমার বাইক নেই।’

বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা হয়েও নজরুল হলে মোটরসাইকেল রেখে ঢাকা যাওয়ার কারণ জানতে চাইলে নুর উদ্দিন বলেন, ‘আমার বাইকটি দিয়ে আমার হলের প্রায় সবাই সুবিধা ভোগ করে থাকে। যেহেতু বেশ কয়েক দিনের জন্য ঢাকায় গমন করা উদ্দেশ্য ছিল। তাই বাইকটির অযত্ন এবং ক্যাম্পাস বন্ধের কারণে হলের শিক্ষার্থী কমে যাওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু হলের একাধিক গেট থাকায় নিরাপত্তা শঙ্কায় নজরুল হলে রাখা উপযুক্ত মনে করেছিলাম।’

যে সিসিটিভি ফুটেজের কথা নুর উদ্দিন বলছেন তা এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ নেতা রিয়াদ যখন হলের গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলেন তখন রিয়াদের আগে ও পরে আরও দুজন শিক্ষার্থী কাজী নজরুল ইসলাম হলের গেট দিয়ে বের হচ্ছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি জিলান আল সাদ এহসান ও কাজী নজরুল

ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী আরমান সিদ্দিকী। এদের মধ্যে আরমান সিদ্দিকী নজরুল হলে থাকলেও জিলান থাকেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে জিলান আল সাদ এহসান বলেন, ‘রিয়াদ তার (নুর উদ্দিন) থেকে চাবি নিয়ে নজরুল হল থেকে বাইক নিয়ে বের হয়েছে। আমি তার সঙ্গেই ছিলাম। পরে আমি আমার কাজ করতে যাই। রিয়াদ বাইক নিয়ে কোটবাড়ি বাজারে যায়। এরপর রিয়াদ ফোন দিয়ে বলে বাইকটি ওখান (কোটবাড়ি বাজার) থেকে হারিয়ে গেছে। এখন যে অভিযোগটি (মোটরসাইকেল চুরির) করা হচ্ছে তা আসলে মিথ্যা।’

বিয়াদ হল থেকে বাইক নিয়ে বের হওয়ার পরপর কাজী নজরুল ইসলাম হলের গেট দিয়ে বের হওয়া শিক্ষার্থী আরমান সিদ্দিকী বলেন, ‘আমি বের হওয়ার সময় রিয়াদ ভাইকে দেখেছিলাম চাবি দিয়ে বাইক স্টার্ট দিতে। এরপর আমি কিছুই জানি না।’

এসব অভিযোগের ব্যাপারে বাইক নিয়ে বের হওয়া কাজী নজরুল ইসলাম হলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল মোস্তফা রিয়াদ বলেন,  ‘আমি নুর উদ্দিনের কাছ থেকে চাবি নিয়ে তার বাইক নিয়ে কোটবাড়ি বাজারে গিয়েছিলাম। বাইক নিয়ে বের হওয়ার সময় সে গেটের বাইরে দাঁড়িয়ে ছিল। পরে কোটবাড়ি বাজারের একপাশে বাইক রেখে আমি ফল কিনতে যাই। ফল কিনে এসে দেখি বাইকটা নেই। এরপর আমি সঙ্গে সঙ্গেই নুর উদ্দিনকে ব্যাপারটা জানাই। কোটবাড়ি পুলিশ ফাঁড়িতেও আমি গিয়েছি। কিন্তু নুর উদ্দিনের বাইকের কাগজপত্র না থাকায় পুলিশের সহযোগিতা নিতে পারি নাই। এখন যে অভিযোগটি করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হেয় করার জন্য এমনটা করছে।’

চাবি নেওয়া ও বাইকের কাগজপত্র না থাকা নিয়ে রিয়াদ যে দাবি করছেন সে প্রসঙ্গে নুর উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অসম্ভব। আমি ২০ মার্চ থেকে ২৫ মার্চ রাত পর্যন্ত ঢাকায় ছিলাম এবং সেই সময় বাইকের চাবি আমার সঙ্গেই ছিল। আমি তাকে বাইকের চাবি দেবো কীভাবে? বাইকের চাবি তো এখনও আমার কাছে আছে।’ এই বলে নুর উদ্দিন তার কাছে থাকা একটি চাবির গুচ্ছ প্রতিবেদককে দেখান। বলেন, ‘আমার বাইক আমি সেকেন্ড-হ্যান্ড কিনেছি। তাই কাগজপত্র নেই। কাগজ করতে দিয়েছি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পা দিয়ে ঠেলে ঠেলে রিয়াদ আমার বাইক গেট দিয়ে বের করেছে। এই গাড়ির মধ্যে এক ফোটা তেলও ছিল না যে চালিয়ে নিয়ে যাবে।’

অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘একটা অভিযোগ পেয়েছি। যেহেতু হলের বিষয় সেহেতু হল প্রশাসন দেখবে। হল প্রশাসন যদি আমাদের সাহায্য চায় সে ক্ষেত্রে আমরা সাহায্য করবো।’

এ ব্যাপারে কথা বলতে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ নাসির হোসেনকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম