সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শান্তিনগর মোড়ে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৯ আগস্ট) সকালে এই বিক্ষোভ শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দুই ভাগে বিভক্ত হয়ে যান। তখন প্রতিষ্ঠানটির গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। খোলা হয় রাত সোয়া ৯টায়।
সকাল সাড়ে ১০টার দিকে বাংলা ভার্সনের ছাত্রীরা সড়ক অবরোধ করলে এই বিক্ষোভের সূচনা হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেয় তারা। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকার আশপাশে যানজটের সৃষ্টি হয়।
তারা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে রবিবার (১৮ আগস্ট) মোমবাতি প্রজ্জ্বালন করতে গেলে ওই শিক্ষক বাধা দেন। একই সঙ্গে ছাত্রলীগের নেতারা তখন ছাত্রীদের লাঞ্ছিত করে বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনার জেরে সোমবার ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থী ও অভিভাবকরা।








