খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১১ জানুয়ারি) হবে। এক হাজার ৬৫টি আসনের বিপরীতে এবার ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন। কুয়েটসহ ১১টি ভেনুতে হবে এই পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কুয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিং এ কথা বলেন উপচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
তিনি বলেন, এ বছর সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এর আগে সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ১০০ জন। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনও ধরনের ডিভাইস নিয়ে আসা যাবে না এবং পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। এ ছাড়া পরীক্ষা নির্বিঘ্ন করতে নগরীর যানজট নিরসনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষার সভাপতি ও ডিন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রফেসর ড. রফিকুল ইসলাম প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অঙ্কন দুপুর পৌনে ১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যিাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচটি আসন সংরক্ষিত। ভর্তি পরীক্ষায় মোট ২৪,৫২৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তিন ঘণ্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।
তিনি আরও জানান, বি.আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ছাড়াও আলাদাভাবে এক ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবছর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কুয়েটে ছাড়াও খুলনার ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রসমূহ হলো- খুলনা বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স হাইস্কুল, খুলনা, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ, খালিশপুর, খুলনা, সরকারি মহিলা কলেজ, বয়রা খুলনা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বয়রা খুলনা, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা, সরকারি এম.এম. সিটি কলেজ খুলনা, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা।









