ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা বঞ্চিত নারী শিক্ষার্থীরা ফেব্রুয়ারি থেকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বুধবার ( ১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।
জাহাঙ্গীর আলম বলেন, যেসব শিক্ষার্থী হলে থাকার যোগ্য, কিন্তু আমরা সিট দিতে পারছি না, তাদেরকে প্রতি মাসে তিন হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মেয়েদের পাঁচটি হলে যারা নতুন করে আবেদন করেছে, তাদের মধ্য থেকে অনেককেই সিট দিয়েছি। কিন্তু যাদের দিতে পারিনি, তাদের যাচাই-বাছাই করে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
মেয়েদের নতুন হল নির্মাণের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, তাতে প্রায় তিন বছর সময় লাগবে জানিয়ে তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন হোস্টেলে খবর নিয়ে জেনেছি, একটি সিটের জন্য আড়াই হাজার টাকা লাগে। তাই আমরা তিন হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি হল থেকে এ বিষয়ক কমিটি নাম যাচাই-বাছাই করে তালিকা দেবে। সে অনুসারে এই অর্থ সহায়তা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।








