দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে চাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে চাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন।
তিনি বলেন, নির্বাচনের মোট খসড়া ভোটার ২৫ হাজার ৭৫২ জন। আগামী সোমবার এ তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানো যাবে। পরে ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে ৪ সেপ্টেম্বর। এরপর ১১ সেপ্টেম্বর বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর, যা চলবে ১৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা চাইলে ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এ ছাড়া ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ সময় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে শুরু হবে ভোট গণনা এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার এ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনোয়ার হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব প্রমুখ। চাকসু নির্বাচন কমিটির সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এর আগে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর সংঘর্ষ ও অনুকূল পরিবেশের অভাবে দীর্ঘদিন ধরে এই নির্বাচন হয়নি। চাকসু নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ছাত্রসংগঠনগুলোর দাবিদাওয়া ও সরব কর্মসূচি দিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন তাদের মূল লক্ষ্য।









