বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষক প্রতিনিধি না থাকায় প্রতিষ্ঠানটি চরম বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম। ইউজিসিতে একটি ‘সিন্ডিকেট’ কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ তোলেন।
ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “ইউজিসিতে বর্তমানে একটি বিশেষ ‘সিন্ডিকেট’ কাজ করছে। সেখানে মূলত একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রাধান্য দেখা যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না থাকায় অনেক যৌক্তিক বিষয়েও আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেক কথা প্রকাশ্যে বলা যাচ্ছে না, তবে এই বৈষম্য নিরসনে আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় জকসু নেতারা তাদের সাংগঠনিক সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। ভিপি জানান, নির্বাচিত হওয়ার ২০ দিন পার হলেও জকসুর দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য এখনও কোনও নির্দিষ্ট অফিস বরাদ্দ দেওয়া হয়নি। ফলে অফিসিয়াল কাজগুলো ঠিকমতো সম্পাদন করতে পারছি না।
বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতিক্ষিত দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে এক প্রশ্নের জবাবে ভিপি বলেন, “আমরা দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় পর্যায়ের কাজের ডিপিপি নিয়ে ইউজিসির সঙ্গে কাজ করছি। আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগেই দ্রুততম সময়ে এই ডিপিপি একনেকে পাস করতে। এছাড়া, হল নির্মাণের জন্য মাটি ভরাটের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গেও এ বিষয়ে সমন্বয়ের প্রক্রিয়া চলছে।”
মতবিনিময় সভায় জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা গত ২০ দিনের কার্যক্রমের বিবরণ দেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।









