জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ থেকে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম অনুযায়ী শিক্ষাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে এবং একাডেমিক কাউন্সিলের মাধ্যমে ওবিই কারিকুলাম বাস্তবায়ন বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যাকোর্ডিং টু বিএনকিউএফ’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, তাত্ত্বিক প্রস্তুতি ছাড়া ব্যবহারিক প্রয়োগে গেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হয়। তাই পরিকল্পিত ও সমন্বিতভাবে ওবিই কারিকুলাম বাস্তবায়ন জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একাডেমিক কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী কাজ করলে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এই পরিবর্তন সফলভাবে বাস্তবায়ন করতে পারবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের আওতায় প্রণীত কারিকুলাম ভবিষ্যতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি মানসম্মত উদাহরণ হয়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করায় রসায়ন বিভাগকে অভিনন্দন জানান। তিনি বলেন, বিএনকিউএফ অনুযায়ী ওবিই কারিকুলাম প্রণয়ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ইউজিসির এইচইএটি প্রকল্পের সাব-প্রজেক্ট ‘এডভান্স অ্যান্ড ট্রান্সফরমেশন অব টিচিং-লার্নিং থ্রু স্মার্ট ক্লাসরুম, আইসিটি ফ্যাসিলিটিস অ্যান্ড মডার্ন ল্যাবরেটরিজ’-এর আওতায় সেমিনারটির আয়োজন করা হয়।
রসায়ন বিভাগের এইচইএটি সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফারহিন হাসান।
একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে স্টেকহোল্ডারদের জন্য ‘আইকিউএসি ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড মর্ডানাইজেশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের মিনি কনফারেন্স হলে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এই কর্মশালাটি সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে বিভিন্ন নীতিমালা, রুলস ও রেগুলেশন প্রণয়নে এটি সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী ও কার্যকর কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি অংশগ্রহণকারীদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









