জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিশ্বজুড়ে একীভূত করতে এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো ‘JnU Global Alumni Network (JnUGAN)’ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির লাউঞ্জে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতে ‘JnUGAN’ প্ল্যাটফর্মটি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি।”
জকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটটি উপস্থাপন করেন। তিনি জানান, দেশ ও বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্ম কাজ করবে। এর মাধ্যমে শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে উঠবে, যা বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, ইন্টার্নশিপ এবং পেশাগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করবে। আগ্রহী শিক্ষার্থীরা jnugan.jnucsu.com লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।
অনুষ্ঠানে জকসু’র সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে একীভূত করতে এই ওয়েবসাইটটি একটি অতি প্রয়োজনীয় মাধ্যম হিসেবে কাজ করবে। জকসু’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাহী কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জকসু’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ কারিগরি সহযোগিতায় এই ‘JnU Global Alumni Network’ প্ল্যাটফর্মটি বাস্তবায়ন করা হয়েছে।








