ফের কমপ্লিট শাটডাউনে চুয়েট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের ঘোষণায় বলা হয়, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময় ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি।

এতে আরও বলা হয়, সংকটের কারণে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, বিগত দুই মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।

এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

উল্লেখ্য গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন।

টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে। এর প্রায় এক মাস পর আবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করলেন তারা।

/এএস/
সম্পর্কিত
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ‘বয়কট শরিফুল’ স্লোগান
এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা
মঙ্গলবার পুনরায় ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
শাক দিয়ে তৈরি করুন তিন রকম মজাদার কন্টিনেন্টাল খাবার
শাক দিয়ে তৈরি করুন তিন রকম মজাদার কন্টিনেন্টাল খাবার
অনিশ্চয়তায় গঙ্গা চুক্তি নবায়ন
অনিশ্চয়তায় গঙ্গা চুক্তি নবায়ন
গেইলের পর এবার সোনায় মোড়ানো আইফোন পেলেন ইফতিখার
গেইলের পর এবার সোনায় মোড়ানো আইফোন পেলেন ইফতিখার
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র