জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান সংকট নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ আলোচনা শুরু হয়। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে আটটায় মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে চতুর্থদিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। সোয়া ১১টার দিকে উপাচার্য তাদেরকে আলোচনায় বসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ শিথিল করেন।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে গত ২৭ মে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উপাচার্যের বাসভবনে বিক্ষোভ করেন তারা। এ ঘটনার পর, উপাচার্যের বাসভবনে ভাঙচুর এবং শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়েরের পর থেকে তা প্রত্যাহারের দাবিতে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’ ও ’প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ‘সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ এর ব্যানারের মাঠে নামার ঘোষণা দেন শিক্ষকরা।
এএইচ/








