
রাজধানীতে একটি অ্যাম্বুলেন্সেসহ তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা দুই ব্যক্তিকে গুলি করে এবং আরেকজনকে ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার সকালে ও শুক্রবার দিবাগত রাতে এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার গুলশানে বিলাল হোসেন (৩৫) নামে এক বিকাশ এজেন্টকে গুলি করে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সকাল ৯টার দিকে গুলশানের ১১৪ নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। তার হাতে ও পেটে গুলি লেগেছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে তার মামা নজরুল ইসলাম ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন: সিমের বায়োমেট্রিক নিবন্ধনের সময় ২ মাস বাড়ানোর দাবি
নজরুল ইসলাম বলেন, ‘সকালে দুই লাখ টাকা নিয়ে দোকানে যাচ্ছিল বিলাল। এসময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে তার হাতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।’
শনিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থেকে ভাতিজি তাসলিমাকে নিয়ে ঢাকায় আসেন ইফতেখার উদ্দিন নামে এক ব্যক্তি। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তারা একটি রিকশায় করে যাওয়ার সময় পুরানা পল্টন বক্স কালভার্ট এলাকায় একটি প্রাইভেটকার তাদের রিকশার গতিরোধ করে। ইফতেখারের পায়ে গুলি করে তাদের কাছে থাকা পাঁচ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়।
ইফতেখার জানান, ‘প্রাইভেটকারে পাঁচজন ব্যক্তি ছিলেন। তারা আমার হাঁটুর নিচে গুলি করে। পরে তাসলিমা আমাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।’
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ভাষায় কথা বলেন জন কেরি: সেলিম
শুক্রবার রাত ২টার দিকে ঢাকার খিলগাঁও এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনে ট্রাক দিয়ে বেরিকেট দিয়ে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে সুকুমার সরকার (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সুকুমারের এক আত্মীয় জানান, সুকুমার অ্যাম্বুলেন্সে করে তার মায়ের লাশ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইল যাচ্ছিলেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিল। খিলগাঁও এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাক দিয়ে বেরিকেট দিয়ে ১০/১২ জন দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সে হামলা চালায়। এসময় তাদের কাছ থেকে থাকা নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে।
/এআরআর/এসটি/








