বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বছরে ১৪ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয়সহ বৈদেশিক মুদ্রা আয়োর সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ব্যবস্থাপনায়ও বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
সরকারি দলের সদস্য মো. মনিরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি বাংলাদেশের জন্য ব্যবহৃত হবে এবং বাকি ২০টি মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশে লিজ দেওয়া যাবে। এতে বর্তমানে বিদেশি স্যাটেলাইট ভাড়া বাবদ বছরে যে ১৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয় তা সাশ্রয় হবে। সঙ্গে বৈদেশিক মুদ্রা আয়েরও সুযোগ সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ফলে বাংলাদেশ ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আগে থেকে জানতে পারবে। এতে অধিক পরিমাণে জানমালের ক্ষয়ক্ষতি থেকে দেশের মানুষ রক্ষা পাবে।’
তিনি আরও জানান, ২০১৭ সালে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা সম্ভব হতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় সর্বমোট ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ ৭৭ হাজার টাকা।
প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ফলে বাংলাদেশের মানুষ স্থল ও জলসীমায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও সম্প্রচারের নিশ্চয়তা পাবে, স্যাটেলাইট টেকনোলজি ও সেবা প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার পাশাপাশি টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-এডুকেশন, ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) প্রভৃতি সেবা দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগে টেরিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সারাদেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ বহাল রাখা যাবে।
স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে দক্ষিণাঞ্চলের মানুষ ইন্টারনেট ও টেলিকমিউনিকেশন ব্যবহারের মাধ্যমে তথ্য প্রযুক্তির আধুনিক সুবিধা পাবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলে পায়রা সামুদ্রিক বন্দর নির্মাণ করা হলে সেখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ ব্যাপক ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, পায়রা বন্দরে যাওয়ার জন্য পায়রা সেতু নির্মাণে কুয়েত সরকার আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছেন। এছাড়া সেখানে লেবুখালি সেতুও নির্মাণ করা হবে।
পায়রা বন্দরের বহুমুখী ব্যবহারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পায়রা বন্দর কেবল বাংলাদেশ ব্যবহার করবে না। পার্শ্ববর্তী অন্যান্য দেশও এই বন্দর ব্যবহার করতে পারবে। এতে আমাদের ব্যাপক কর্মসংস্থানসহ দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে।’
আরও পড়ুন-
চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছরের বেশি নয়: সংসদে প্রধানমন্ত্রী
শর্ত ভেঙে বিলাসবহুল গাড়ি ব্যবহার, পাঁচ এয়ারলাইন্স শনাক্ত
/ইএইচএস/এজে/এফএস/








