গুপ্ত হত্যাকারী ‘দানবদের’ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, সরকার এ বিষয়ে কাজ করছে।
শনিবার সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ড. মো. আনোয়ার হোসেন রচিত ‘অনন্ত আমরা চুপ থাকবো না’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, ‘এ দেশের মানুষ ঘুরে দাঁড়াতে জানে। প্রয়োজনে তারা চুপ থাকে না, চুপ থাকা মানে হেরে যাওয়া। এ দেশের মানুষ হারতে শেখেনি। জঙ্গিবাদের বিরুদ্ধে এ দেশের মানুষ হারবে না। মানবসমাজ রক্ষা করতে হলে গুপ্ত হত্যাকারী ও জঙ্গিদের ধ্বংস করার কোনও বিকল্প নেই।’
সভাপতির ভাষণে নিহত অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় বলেন, ‘একের পর এক হত্যাকাণ্ডের পর আমি চুপ হয়ে গেছি। এক সময় আমি কথা বলতাম। প্রতিবাদে মুখর থাকতাম। এখন আমি চুপ হয়ে গেছি। হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।’
তিনি আরও বলেন, ‘গোয়েন্দা বিভাগ থেকে আমাকে বলা হয়েছে অভিজিতের তিনজন হত্যাকারী নজরদারিতে রয়েছেন। এখন বলা হচ্ছে হত্যাকারীরা দেশত্যাগ করেছেন। তাহলে আপনারা কীসের নজরদারি করেছেন?’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বইটির প্রকাশক এবং পাক্ষিক ‘মত ও পথ’ পত্রিকার সম্পাদক আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, লেখক ড. মো. আনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাবেক সচিব রণজিৎ কুমার বিশ্বাস, সাংবাদিক অজয় দাশগুপ্ত, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, সাংবাদিক ইমতিয়াজ শামীম প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপন করেন জয়ন্ত চট্টপাধ্যায়, শাহাদাত হোসেন নিপু, প্রবীর পাল।
আরও পড়ুন: চার জেলায় নির্বাচনি সহিংসতায় নিহত ৫
/এসএনএইচ/এজে








