পাকিস্তানের কড়া সমালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের রিভিউ খারিজ হওয়ার পর শুক্রবার পাকিস্তান এক বিবৃতি দেয়। এর প্রতিবাদে পাকিস্তানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে বিষয়টির সমালোচনা করে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বিষয়টি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৫ মিনিটের সংক্ষিপ্ত বৈঠকে বসেন পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলম ।
বৈঠক শেষে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের এই বিবৃতি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আপনারা জানেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর উচ্চ আদালতের রিভিউ আবেদন খারিজ হওয়ার পরে পাকিস্তান এক বিবৃতি দেয়। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এই বিবৃতির কড়া প্রতিবাদ করে আনুষ্ঠানিক পত্র দিয়েছি।
পত্র হস্তান্তরের পরে রাষ্ট্রদূত কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রদূত সুজা আলম আমাকে জানিয়েছেন, তিনি এটি তার কর্তৃপক্ষকে অবহিত করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
নিজামীর চূড়ান্ত রায় প্রকাশ, ট্রাইব্যুনালে যাবে আজই
/এসএসজে/এনএস/এপিএইচ/








